মৌলভীবাজারে পূজামন্ডপ পরিদর্শনে সিলেট রেঞ্জের ডিআইজি : নির্ভয়ে উৎসবের আহ্বান

post-title

ছবি সংগৃহীত

মৌলভীবাজারে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। পূজামন্ডপ পরিদর্শন শেষে তিনি সনাতন ধর্মাবলম্বীদের কোনো ধরনের নিরাপত্তাহীনতা বোধ না করে উৎসব উদযাপনের আহ্বান জানান।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে মৌলভীবাজার শহরের নতুন কালীবাড়ি মন্দির, মহেশ্বরী পূজামণ্ডপসহ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় পূজার সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন ডিআইজি।

পরিদর্শন শেষে মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, মৌলভীবাজারসহ সিলেট রেঞ্জের সব জেলার পূজামণ্ডপে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং সার্বিক পরিস্থিতি ভালো রয়েছে।

তিনি বলেন, পূজা উদযাপন কমিটি, স্বেচ্ছাসেবক, আনসার সদস্য ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টায় নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। সনাতন ধর্মাবলম্বীদের সব শ্রেণি-পেশার মানুষকে নির্ভয়ে উৎসব উদযাপনের আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা (ক্রাইম অ্যান্ড অপস), সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল খায়ের, মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অ্যাডভোকেট সুনিল কুমার দাশসহ বিভিন্ন পূজামন্ডপের নেতৃবৃন্দ।

সকাল থেকেই মৌলভীবাজারের বিভিন্ন এলাকায় উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। মহা অষ্টমীতে পূজামণ্ডপগুলোতে ভক্ত ও দর্শনার্থীদের ভিড় দেখা যায়। মা দুর্গার আশীর্বাদ নিতে এক মন্ডপ থেকে অন্য মন্ডপে ছুটে যান অনেকে।

মৌলভীবাজার শহরের মহেশ্বরী, ত্রিনয়নী শিববাড়ি ও আবাহন মণ্ডপে রয়েছে ব্যতিক্রমী আয়োজন। এ ছাড়া রাজনগর উপজেলার পাঁচগাঁওয়ের ঐতিহ্যবাহী লাল বর্ণের প্রতিমা এবং কুলাউড়ার কাদিপুর শিববাড়ি মণ্ডপের পূজাকে ঘিরেও ভক্ত ও দর্শনার্থীদের ব্যাপক সমাগম হয়েছে।


এসএ/সিলেট