সিসিক নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থীতা ঘোষণা দিলেন শিক্ষক আহমদ ইয়াসিন

post-title

ছবি সংগৃহীত

আগামী সিলেট সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন ইংরেজি শিক্ষক, সাহিত্য অনুবাদক ও শিল্পী আহমদ ইয়াসিন। সোমবার (৩ আগস্ট) সিলেট প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষনা দেন। তিনি সিলেট নগরের কুমার পাড়ার বাসিন্দা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন বর্তমান সময়ে রাজনীতিতে সাহস, সৌজন্য, শ্রদ্ধা ও শিষ্টাচারের চর্চা হারিয়ে গেছে। সেই হারানো মূল্যবোধ পুনরুদ্ধার এবং নাগরিক অংশগ্রহণভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যেই তিনি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

সংবাদ সম্মেলনে আহমদ ইয়াসিন বলেন, ধর্ম, বর্ণ, রাজনৈতিক পরিচয় ও বিশ্বাসের ঊর্ধ্বে উঠে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। অন্যথায় সমাজের ভিত্তি দুর্বল হয়ে পড়বে। তাঁর ভাষায়, বর্তমানে বিশ্বজুড়ে রাজনীতি মিথ্যাচার ও নৈতিক সংকটের মধ্য দিয়ে অতিক্রম করছে।

রাজনীতির নিজস্ব ব্যাখ্যা তুলে ধরে তিনি বলেন, রাজনীতি মূলত স্বার্থ এবং সেই স্বার্থ অর্জনের সুনির্দিষ্ট কর্মপদ্ধতি। তবে একজন প্রকৃত রাজনীতিবিদ হচ্ছেন তিনি, যিনি ব্যক্তিগত বা দলীয় স্বার্থের পরিবর্তে সমষ্টিগত স্বার্থকে দায়িত্বশীলতা, সততা ও অঙ্গীকারের সঙ্গে ধারণ করেন।
তিনি দাবি করেন, সিলেট দীর্ঘদিন ধরে তার ন্যায্য সমষ্টিগত স্বার্থ থেকে বঞ্চিত। এ অবস্থার পরিবর্তনে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।

আহমদ ইয়াসিন বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিকের ভূমিকা শুধু ভোটার হিসেবে সীমাবদ্ধ থাকা উচিত নয়; যোগ্য ব্যক্তিদের নির্বাচনে প্রার্থী হিসেবেও অংশ নেওয়া প্রয়োজন। এতে রাজনীতি আরও প্রতিযোগিতামূলক, অংশগ্রহণমূলক ও জনমুখী হবে বলে তিনি মত প্রকাশ করেন।

তিনি বলেন, আমরাই রাষ্ট্র, আর রাষ্ট্রই আমরা। নির্বাচন আমাদের সমষ্টিগত ভাগ্য পরিবর্তনের একটি উৎসব হওয়া উচিত। তাই সবাইকে নির্বাচনে অংশ নেওয়া, প্রতিদ্বন্দ্বিতা করা এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে উৎসবে পরিণত করার আহ্বান জানাই। এ সময় তিনি আনুষ্ঠানিকভাবে আগামী সিলেট সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা করেন।

বক্তব্যের শেষাংশে তিনি গাজা ও ফিলিস্তিন, ইরান, লেবাননসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের নিপীড়িত মানুষের প্রতি সংহতি প্রকাশ করেন। একই সঙ্গে তিনি বলেন, জীবন একটি সংগ্রাম এবং সেই সংগ্রামে মর্যাদা ও দৃঢ়তার সঙ্গে এগিয়ে যেতে হবে।

সংবাদ সম্মেলনে আহমদ ইয়াসিন নিজের পরিচিতি তুলে ধরে জানান, তিনি পেশায় একজন ইংরেজি শিক্ষক, কাব্য ও সাহিত্য অনুবাদক, ছাপচিত্র ও চিত্রশিল্পী। প্রায় দুই দশক ধরে শিক্ষকতা পেশায় যুক্ত থেকে দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থী ও পেশাজীবীদের ইংরেজি শিক্ষা দিয়েছেন। আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য বিনা মূল্যে পাঠদানের উদ্যোগও নিয়েছেন। তাঁর শিক্ষার্থীদের অনেকে বর্তমানে দেশ-বিদেশে উচ্চশিক্ষা ও বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছেন।
তিনি জানান, বাংলা সাহিত্য ও কবিতার একাধিক গুরুত্বপূর্ণ গ্রন্থ ইংরেজিতে অনুবাদ করেছেন। এর মধ্যে রয়েছে আহমদ ছফার দস্তয়ভস্কি , আল মাহমুদের সোনালী কাবিন (চলমান), শশী থারুরের নির্বাচিত রচনা এবং সমকালীন কবিদের বিভিন্ন কাব্যগ্রন্থ। পাশাপাশি তাঁর নিজেরও একাধিক প্রবন্ধ, কবিতা ও গ্রন্থ প্রকাশিত হয়েছে।

শিল্পচর্চার ক্ষেত্রেও তিনি দেশ-বিদেশের বিভিন্ন প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন। ঢাকার বিভিন্ন আন্তর্জাতিক ছাপচিত্র প্রদর্শনীর পাশাপাশি ২০২০ সালে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক কবিতা ও শিল্প প্রদর্শনীতেও তাঁর কাজ স্থান পেয়েছে।

সামাজিক কর্মকাণ্ড প্রসঙ্গে আহমদ ইয়াসিন বলেন, তিনি কোনো সংগঠনের পদে যুক্ত না থেকেও বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষ ও এতিমদের সহায়তায় ব্যক্তিগত উদ্যোগে অর্থ সংগ্রহ ও সহায়তা করে থাকেন। এছাড়া নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে তিনি দীর্ঘদিন ধরে সোচ্চার রয়েছেন বলে উল্লেখ করেন। তিনি নগরবাসীর সমর্থন এবং সহযোগিতা কামানা করেন।


এসএ/সিলেট