সমৃদ্ধ জাতি গঠনের জন্য সুশিক্ষা...
সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, শিক্ষা মানুষকে আলোকিত করে, আজকের প্রজন্ম আগামী দিনে জাতিকে নেতৃত্ব দিবে। সমৃদ্ধ জাতি গঠনের জন্য...
ওমর ফারুক একাডেমীতে পুরস্কার বিতরণীতে জেলা পরিষদ প্রশাসক
ছবি সংগৃহীত
সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, শিক্ষা মানুষকে আলোকিত করে, আজকের প্রজন্ম আগামী দিনে জাতিকে নেতৃত্ব দিবে। সমৃদ্ধ জাতি গঠনের জন্য সুশিক্ষা সবচেয়ে জরুরী। ওমর ফারুক একাডেমী সুশিক্ষা বিস্তারে কাজ করছে। সেই জন্য শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে সবাইকে সচেষ্ট থাকতে হবে।
একটি মেয়ে শিক্ষিত হলে একটি জাতি শিক্ষিত হয়। সেই উপলব্ধি থেকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সর্বপ্রথম মেয়েদের ৮ম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে লেখাপড়ার সুযোগ করে দিয়েছিলেন। তাই শিক্ষার প্রসারে এই মহিয়সি নারীর অবদান জাতি কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে।
প্রধান অতিথি স্কুলের সার্বিক উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, আমি নিজেও দুটি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সরাসরি জড়িত। ফলে শিক্ষা প্রতিষ্ঠানে অগ্রযাত্রায় ভুমিকা রাখতে পারলে নিজেকে ধন্য মনে করব।
তিনি মঙ্গলবার সিলেটের বিশ্বনাথ উপজেলা সদরে হযরত ওমর ফারুক (রা.) একাডেমীর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
হযরত ওমর ফারুক (রা.) একাডেমী পরিচালনা কমিটির সভাপতি ও সিলেট প্রেসক্লাব সভাপতি মুকতাবিস-উন-নুর’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মো. সিরাজুল হক, সিলেটের সিনিয়র সাংবাদিক মোহাম্মদ ফয়জুর রহমান, বিশ্বনাথ প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, সাবেক সভাপতি কাজী মো. জামাল উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিশ্বনাথ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ সিরাজুল হক বলেন, ওমর ফারুক একাডেমী এলাকায় সুশিক্ষার আলো ছড়াচ্ছে। এ ধরণের শিক্ষা প্রতিষ্ঠানের অগ্রযাত্রা আমাদের আশার আলো দেখায়।
অপর বিশেষ অতিথি সিনিয়র সাংবাদিক মোহাম্মদ ফয়জুর রহমান বলেন, একটি জাতিকে বিশ্বের দরবারে সম্মানের আসনে অধিষ্ঠিত করতে হলে একটি শিক্ষিত জনগোষ্ঠী সৃষ্টি করতে হবে।
সভাপতির বক্তব্যে একাডেমীর পরিচালনা কমিটির সভাপতি মুকতাবিস-উন-নুর বলেন, বিশ্বনাথ শিক্ষাক্ষেত্রে এখনো পিছিয়ে আছে। সমাজের প্রত্যেক বিবেকবান মানুষের উচিত নিজ নিজ অবস্থান থেকে নিজেদের সাধ্যমত শিক্ষার উন্নয়নে কাজ করা।
একাডেমীর শিক্ষক সেজুল মিয়ার পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো. তাহমিনুল হক, দেশাত্মবোধক গান পরিবেশন করেন আনিছা তাহসিন নোভা এবং স্বাগত বক্তব্য রাখেন একাডেমীর প্রধান শিক্ষক মরতুজা আলী।
বিশ্বনাথে একাধিকবার উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হযরত ওমর ফারুক (রা.) একাডেমীর পক্ষকালব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণীতে প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
এসএ/সিলেট