ওসমানীনগরে এসএ পরিবহণের ভ্যানে ডাকাতির ঘটনায় গ্রেফতার ১

post-title

ছবি সংগৃহীত

সিলেটের ওসমানীনগরে এস এ পরিবহণের পার্সেলবাহী কাভার্ড ভ্যানে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।

সোমবার (৪ মে) বিষয়টি জানিয়েছে র‌্যাবের গণমাধ্যম শাখা। তারা জানায়, গত রবিবর রাত ৮টা দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের শাহপরান থানাধীন উপশহরস্থ স্বপ্ন সুপার শপ এর ভিতর অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারকৃত মন্টি ওরফে বান্টি ওরফে রাজু হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ থানাধীন জয়নাল মিয়ার ছেলে।

ঘটনার বিবরণে জানা যায়, গত বছরের ১৩ আগস্ট রাত আনুমানিক ১১টার দিকে নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার উত্তর সিঙ্গেরগাড়ি এলাকার বাসিন্দা এবং এস এ পরিবহণ পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসের ঢাকা কাকরাইল শাখার সুপারভাইজার (ভিকটিম) সিলেটের নাইওরপুল শাখা থেকে একটি কাভার্ড ভ্যানে পার্সেল লোড করে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন।

দিবাগত রাত ১২ টার দিকে ঘটিকার সময় গাড়িটি ওসমানীনগর থানাধীন ০৬নং তাজপুর ইউপির কাশিকাপন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে পৌঁছালে দুটি মোটরসাইকেলে ৬ জন এবং একটি পিকআপ ভ্যানে করে আরও ৪ জন ডাকাত এসে গাড়িটির সামনে ব্যারিকেড দেয়। কাভার্ড ভ্যানের চালক দরজা না খোলায় ডাকাত দল দরজার গ্লাস ভাঙার চেষ্টা করে। পরে বাধ্য হয়ে দরজা খুললে ৪ জন সশস্ত্র ডাকাত ভেতরে প্রবেশ করে।

তারা ধারালো অস্ত্রের মুখে ভিকটিম ও চালককে মৃত্যু ভয় দেখিয়ে মারধর করে গাড়ি থেকে নামিয়ে দেয়। এরপর ডাকাতরা ভিকটিমের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তাদের পিকআপ ভ্যানে করে মঙ্গলচী রোডের ভেতরে একটি নির্জন স্থানে নিয়ে আটকে রাখে।

পরবর্তীতে আরও ১৫-১৬ জন ডাকাত একত্রিত হয়ে অস্ত্রের মুখে জিম্মি করে কাভার্ড ভ্যানের পেছনের দরজার দুটি তালা ভেঙে ভেতরে থাকা মালামাল লুট করে নিয়ে যায়। ঘটনার পর ভিকটিম নিজে বাদী হয়ে ওসমানীনগর থানায় একটি মামলা দায়ের করেন । মামলা দায়েরের পর থেকেই ঘটনার জড়িতদের গ্রেফতারে র‌্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে ওসমানীনগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‌্যাবের গণমাধ্যম র্কমর্কমতা কে এম শহিদুল ইসলাম সোহাগ।

এসএ/সিলেট