রমজানের পবিত্র সময়ে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত; এতিম শিশুদের মুখে হাসি ফুটিয়ে প্রশংসায় ভাসছেন নারায়ন মালাকার সুমন

ছাতকে এতিমদের জন্য ইফতার আয়োজন করলেন হিন্দু যুবক

post-title

সংগৃহীত

পবিত্র রমজান মাসে মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এক হিন্দু যুবক। ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে এতিম শিশুদের পাশে দাঁড়িয়ে ইফতার মাহফিলের আয়োজন করে এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ তৈরি করেছেন তিনি।

বৃহস্পতিবার (১৫ রমজান) ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের আলুপুর এলাকায় অবস্থিত লতিফিয়া আরব আলী এতিমখানা হাফিজিয়া মাদ্রাসা-র এতিম শিক্ষার্থীদের জন্য এই ইফতার মাহফিলের আয়োজন করেন ‘ভাইভাই এন্ড স্টার হেয়ার কাট’-এর স্বত্বাধিকারী নারায়ন মালাকার সুমন।

তিনি বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের দীঘলি খোজারপাড়া গ্রামের মৃত নিবারণ মালাকারের পুত্র। নিজের সামর্থ্য অনুযায়ী এতিম শিশুদের জন্য এমন আয়োজন করতে পেরে তিনি আনন্দ প্রকাশ করেন।

ইফতার আয়োজন সম্পর্কে সুমন মালাকার বলেন, “আমরা যে যে ধর্মেরই হই না কেন, আমরা সবাই মানুষ। সব ধর্মেই মানুষের সেবা করাকে বড় ইবাদত বা পূণ্য কাজ বলা হয়েছে। আমি মনে করেছি এতিম শিশুদের খাওয়ানো উচিত, তাই নিজের সামর্থ্য অনুযায়ী এই আয়োজন করেছি।”

ইফতার মাহফিলে উপস্থিত হয়ে লামাকাজী ইউনিয়নের চেয়ারম্যান ও বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব কবির হোসেন ধলা মিয়া এ উদ্যোগকে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, “সমাজে এমন উদ্যোগ মানুষকে সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবিকতার শিক্ষা দেয়।”

এ সময় উপস্থিত ছিলেন এতিমখানা ও মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা হাফিজ গুফরান আহমদ, খাদেম হাফিজ ক্বারী আবুল বসর আহমেদ, শিক্ষক হাফিজ আলী হোসেন, সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মাহমদ আলী, সুফিনগর মাদ্রাসার আইসিটি বিভাগের শিক্ষক সাইফুল ইসলাম সাইদ, আঞ্চলিক যুবদলের সাংগঠনিক সম্পাদক ইমাম উদ্দিন এবং গোবিন্দগঞ্জ স্টার ফ্যাশনের স্বত্বাধিকারী ইসমাইল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মাদ্রাসার এতিম শিক্ষার্থীরা।

রমজানের পবিত্র এই সময়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে এতিমদের পাশে দাঁড়ানোর এই মানবিক উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেকেই মনে করছেন, এমন উদ্যোগ সমাজে পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি আরও সুদৃঢ় করবে।

টিএ/ছাতক