সুনামগঞ্জে সেনাবাহিনীর অভিযানে এয়ারগান ও এ্যামো উদ্ধার, আটক ২

post-title

ছবি সংগৃহীত

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় সেনাবাহিনীর বিশেষ টহল অভিযানে দুটি এয়ারগান ও বিপুল পরিমাণ এ্যামো উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অস্ত্রের মালিকানার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে মধ্যনগর আর্মি ক্যাম্পের নেতৃত্বে উপজেলার সদর বাজার এলাকায় বিশেষ টহল অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ঝুমকা ইলেকট্রনিক্সের গোডাউন থেকে মো. জাহাঙ্গীর আলমকে আটক করা হয়। একই দিন বিকেল আনুমানিক ৪টার দিকে প্রীতিম ইলেকট্রনিক্স ভবনের দ্বিতীয় তলার ৩ নম্বর কক্ষ থেকে মো. মিজানুর রহমান ফরহাদকে আটক করা হয়।

সেনাবাহিনীর অভিযানে ভারতীয় নির্মিত এনএক্স-২০০ মডেলের দুটি এয়ারগান এবং ৯৬৫ রাউন্ড এ্যামো উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন—মধ্যনগর উপজেলার মধ্যনগর গ্রামের বাসিন্দা মো. নেহার উদ্দিনের ছেলে মো. জাহাঙ্গীর আলম এবং হাবিবুর রহমানের ছেলে মো. মিজানুর রহমান ফরহাদ।

সেনাবাহিনী জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মধ্যনগর থানায় হস্তান্তর করা হয়েছে। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের টহল ও অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। পাশাপাশি অপরাধ সংক্রান্ত যেকোনো তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সাহাবুদ্দিন শাহীন এ তথ্যটি নিশ্চিত করে বলেন, সেনাবাহিনী উদ্ধারকৃত অস্ত্রসহ আটক দুই ব্যক্তিকে থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আটক দুজনকে আদালতে পাঠানো হয়েছে।

এসএ/সিলেট