সুনামগঞ্জ-৫ আসনের এমপি প্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানির ব্যতিক্রমী উদ্যোগ

দীর্ঘ ৫৪ বছর পর ছাতক-দোয়ারার সংবাদকর্মীদের সম্মানে ব্যতিক্রমী আয়োজন

post-title

তাজিদুল ইসলাম

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, অবসরপ্রাপ্ত সাবেক অধ্যক্ষ মাওলানা আবু তাহির মুহাম্মদ আবদুস সালাম আল মাদানী বলেছেন, জামায়াতে ইসলামী একটি বৈষম্যমুক্ত, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত ছাতক–দোয়ারা গড়তে বদ্ধপরিকর।

‘চলো একসাথে গড়ি বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাতক ও দোয়ারাবাজার উপজেলা শাখার উদ্যোগে ছাতক–দোয়ারাবাজারে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

রোববার সন্ধ্যায় ছাতক উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

চাঁদাবাজ ও দখলবাজমুক্ত সমাজ গড়ার প্রতিশ্রুতি

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুস সালাম মাদানী বলেন, জামায়াতে ইসলামী নির্বাচিত হলে সমাজ থেকে চাঁদাবাজি, দখলবাজি ও দুর্নীতির মূলোৎপাটন করা হবে। কোনো ধরনের লুটতরাজ কিংবা মানুষের অধিকার ও সম্পত্তি দখলের সুযোগ কাউকে দেওয়া হবে না।

তিনি বলেন, ছাতক ও দোয়ারাবাজার উপজেলাকে আত্মনির্ভরশীল ও আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলতে পরিকল্পিতভাবে কাজ করা হবে। স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ সার্বিক আর্থসামাজিক উন্নয়নে ইতোমধ্যে বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। নির্বাচিত হলে জনগণকে সঙ্গে নিয়ে অগ্রাধিকারভিত্তিতে এসব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত থাকায় এই আসনের জনগণ সঠিক নেতৃত্ব থেকে বঞ্চিত হয়েছে। এর সুযোগে একটি গোষ্ঠী রাষ্ট্রীয় ও প্রাকৃতিক সম্পদ লুটপাট করেছে। ফলে কাঙ্ক্ষিত উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি হয়নি। সম্পদের ব্যবহারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা গেলে টেকসই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব বলে তিনি মন্তব্য করেন।

সুনামগঞ্জ-৫ আসন কমিটির পরিচালক অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদারের সভাপতিত্বে এবং মিডিয়া সচিব অ্যাডভোকেট সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন—সুনামগঞ্জ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. শাহ আলম এবং ছাতক পৌর জামায়াতের আমির ইঞ্জিনিয়ার নোমান আহমদ।

মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা সমসাময়িক বিভিন্ন বিষয়ে প্রশ্ন উত্থাপন করেন। সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আবদুস সালাম মাদানী এসব প্রশ্নের জবাব দেন এবং রাজনৈতিক পরিবেশ, উন্নয়ন ভাবনা ও গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামী আলোচক মাওলানা মুজিবুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফেজ জাকির হোসাইন, সহকারী সেক্রেটারি আবদুল আওয়াল, পৌর জামায়াতের সেক্রেটারি ডা. হেলাল উদ্দিনসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

টিএ/ছাতক