আজ থেকে রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে দোকানপাট

post-title

ফাইল ছবি

দুর্গাপূজা উপলক্ষে রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার বিশেষ অনুমতির মেয়াদ শেষ হওয়ায় শুক্রবার (২৩ অক্টোবর) থেকে আগের সময়সূচি কার্যকর হচ্ছে। ফলে সকাল ১১টায় দোকান খোলা এবং রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে।

বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে নির্ধারিত সময়সূচিতে ফিরছে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো। আগের নিয়ম অনুযায়ী, সকাল ১১টায় দোকানপাট খোলা যাবে এবং রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে।

সংশ্লিষ্ট সিদ্ধান্ত অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে গত ৫ অক্টোবর জারি করা বিশেষ ব্যবস্থায় ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছিল। ওই মেয়াদ শেষ হওয়ায় ২৩ অক্টোবর থেকে আগের সময়সূচি পুনরায় কার্যকর হচ্ছে।

চলতি বছর জ্বালানি সংকটের কারণে কয়েক দফায় দোকানপাট বন্ধের সময় পরিবর্তন করা হয়। এপ্রিলের প্রথম দিকে সন্ধ্যা ৬টার মধ্যে দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর হয়। পরে ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে সময় বাড়িয়ে সন্ধ্যা ৭টা করা হয়।

এরপর কোরবানির ঈদ উপলক্ষে রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার সাময়িক সুযোগ দেওয়া হয়েছিল। জুনে সেই সময় কমিয়ে রাত ৯টা করা হয়। সবশেষ ১২ আগস্ট থেকে রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা কার্যকর হয়। দুর্গাপূজা উপলক্ষে সাময়িক সময় বাড়ানোর পর আবারও সেই নিয়মে ফিরছে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো।

এসএ/সিলেট