কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক

নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে

post-title

ছবি সংগৃহীত

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। কোনো অঞ্চলের মানুষ যত বেশি শিক্ষিত হবে, সেই অঞ্চলের উন্নয়ন ও সমৃদ্ধিও তত বেশি হবে। তাই শিক্ষার প্রসার ও মানোন্নয়নে আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

রোববার (৩০ আগস্ট) দুপুরে দক্ষিণ সুরমার মোহাম্মদ মকন উচ্চ বিদ্যালয় ও কলেজে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিসিক প্রশাসক বলেন, আজকের অনুষ্ঠানে বিপুলসংখ্যক নারী শিক্ষার্থীর উপস্থিতি আমাকে আশাবাদী করেছে।

নারীশিক্ষার প্রসার ছাড়া একটি দেশ ও সমাজের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। নারীদের শিক্ষিত ও দক্ষ করে গড়ে তোলার পাশাপাশি তাদের সমাজের প্রতিটি ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার সুযোগ তৈরি করতে হবে।

তিনি বলেন, নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নকে আমরা সবসময় গুরুত্ব দিয়ে আসছি। প্রাথমিক শিক্ষায় নারীদের অংশগ্রহণ বৃদ্ধি, মেয়েদের শিক্ষা সহজলভ্য করা এবং নারীদের সামাজিক ও অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে বিভিন্ন সময়ে নানা উদ্যোগ নিয়েছে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, নারীরা শুধু শিক্ষার্থী হিসেবে নয়, পরিবার ও সমাজ গঠনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। একজন শিক্ষিত নারী একটি শিক্ষিত ও সচেতন পরিবার গড়ে তুলতে পারেন। তাই নারীশিক্ষায় বিনিয়োগ মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিনিয়োগ।

তিনি আরও বলেন, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের জন্য সুযোগ সৃষ্টি করতে রাষ্ট্রকে আরও বেশি গুরুত্ব দিতে হবে। শিক্ষাখাতে পর্যাপ্ত বরাদ্দ এবং শিক্ষার আধুনিকায়নের মাধ্যমে নতুন প্রজন্মকে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলার উপযোগী করে গড়ে তুলতে হবে।

সিসিক প্রশাসক কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শুধু ভালো ফলাফল করলেই হবে না; শিক্ষার্থীদের সৎ, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। নিজেদের মেধা ও যোগ্যতাকে দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগাতে হবে।

স্কুল ও কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথির বক্তব্য দেন সাবেক অধ্যক্ষ ফজলুল হক চৌধুরী, সিসিকের সাবেক কাউন্সিলর মো. রায়হান হোসেন এবং এলাকার বিশিষ্ট মুরব্বি আজাদ মিয়া ও এমদাদ হোসেন।

এসএ/সিলেট