সাতছড়ি জাতীয় উদ্যান থেকে অস্ত্র উদ্ধার

post-title

ছবি সংগৃহীত

হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানের দুর্গম পাহাড়ি এলাকায় মাটির নিচে লুকিয়ে রাখা ছয়টি পিস্তল, সাতটি ম্যাগাজিন ও ২২ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোররাতে সাতছড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার দুপুর ১২টায় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) ভোর সাড়ে ৪টার দিকে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে।

এ সময় সীমান্ত পিলার ১৯৭৮ থেকে প্রায় তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সাতছড়ি রিজার্ভ ফরেস্টের দুর্গম পাহাড়ি ও ঘন জঙ্গলে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে মাটির নিচে বিশেষ কৌশলে পুঁতে রাখা অবস্থায় ছয়টি পিস্তল, সাতটি ম্যাগাজিন ও বিভিন্ন ধরনের ২২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বিজিবির প্রাথমিক ধারণা, ডাকাতি, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ব্যবহারের উদ্দেশ্যে দুর্বৃত্তরা এসব অস্ত্র ও গোলাবারুদ দুর্গম পাহাড়ি এলাকায় লুকিয়ে রেখেছিল। তবে অস্ত্রগুলোর মালিকানা ও এগুলো কোথা থেকে আনা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

৫৫ বিজিবি জানিয়েছে, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে থানায় জমা দেওয়ার কার্যক্রম চলছে। একই সঙ্গে এসব অস্ত্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা এবং অভিযান অব্যাহত রয়েছে।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অস্ত্র ও গোলাবারুদের বিস্তার রোধ এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি দৃঢ়ভাবে কাজ করছে।

যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির অভিযান ও তৎপরতা আরও জোরদার করা হবে।

এসএ/সিলেট