থামছেনা চোরাচালান

কানাইঘাটে ১৫৮পিস ভারতীয় কম্বলসহ ১ জন আটক

post-title

ছবি সংগৃহীত

সিলেটের কানাইঘাট থানা পুলিশ এক অভিযান চালিয়ে ট্রাক গাড়ীতে থাকা ভারতীয় ১৫৮ পিস কম্বল সহ এক জনকে আটক করেছে। থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২ মে) ভোর অনুমান ৪ টার দিকে থানার এসআই শৈলেশ চন্দ্র কানাইঘাট সদর ইউনিয়নের গাজী বোরহান উদ্দিন সড়কের উমাগড় বড় মসজিদের পাশে টহলে ছিলেন।

এসময় একটি ট্রাক গাড়ী আটক করে তল্লাশী করে বস্তায় মড়ানো ১৫৮পিস ভারতীয় কম্বল দেখতে পান। এঘটনার সাথে জড়িত থাকার দায়ে ট্রাকের চালক পটুয়াখালি জেলার মির্জাগঞ্জ উপজেলার কপাল পাড়া গ্রামের লতিফ বয়াতীর পুত্র মো. ওলি বয়াতীকে গ্রেফতার করে পুলিশ। এসআই শৈলেশ চন্দ্র জানান, ভারতীয় কম্বল ট্রাকে করে জৈন্তাপুর উপজেলার হরিপুর থেকে কানাইঘাটে নিয়ে আসার পথে আটক করা হয়। এঘটনায় গ্রেফতারকৃত সহ কম্বল চোরাচালেনের সাথে জড়িতদের  বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

জানা যায়, সম্প্রতি সময়ে কানাইঘাট ও জৈন্তাপুর উপজেলায় চোরাচালান আবারো ব্যাপক আকারে বেড়েছে। বিজিবি সহ থানা পুলিশ চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে প্রতিদিন ভারতীয় চোরাইপণ্য আটক করলেও চোরাচালান থামছেনা। দীর্ঘদিন ধরে যারা চোরাচালানের সাথে জড়িত ছিলো তারা আবারো সংঘবদ্ধ হয়ে সীমান্ত এলাকা দিয়ে অবৈধ ভাবে প্রতিদিন ভারত থেকে কোটি কোটি টাকার জিরা, মসলা সামগ্রী,চা পাতা,চিনি,মাদকদ্রব্য,নাসির বিড়ি সহ বিভিন্ন ধরণের কসমেটিক্স ও পোষ্ট সামগ্রী এবং  ভারতীয় থ্রী পিস,কম্বল,বিভিন্ন ধরণের গাড়ীর পার্স শাড়ী কাপড়, মোবাইল সেট নিয়ে আসছে। এতে করে সরকার বড় ধরণের রাজস্ব হারাচ্ছে এবং ভারতে টাকা পাচার হচ্ছে।



এসএ/সিলেট