জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

post-title

ছবি সংগৃহীত

‎জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে সিলেট বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

‎বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার থেকে একটি র‍্যালি বের হয়ে বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার প্রাঙ্গনে এসে শেষ হয়। পরে ফ্যাস্টুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক সাঈদা পারভিন।

‎এরপর বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের প্রিন্সিপাল লাইব্রেরিয়ান কাম উপপরিচালক দিলিপ কুমার সাহার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সাঈদা পারভিন।

‎তিনি বলেন, “বই মানুষকে শুধু জ্ঞানই দেয় না, চিন্তা করতে শেখায় এবং মানবিক মানুষ হিসেবে গড়ে তোলে। একটি আলোকিত জাতি গঠনের প্রথম শর্ত হলো শিশু-কিশোরদের বইয়ের সাথে সম্পৃক্ত করা এবং নিয়মিত পাঠাভ্যাস গড়ে তোলা।”

‎অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ভাষাসৈনিক অধ্যক্ষ মোহাম্মদ মাসুদ খাঁন।
‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী, জেলা প্রাক্তন শিশু সংগঠক জামান মাহবুব চৌধুরী, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক ও দৈনিক ডেইলি সুরমা মেইল পত্রিকার সম্পাদক সেলিম আউয়াল, জেলা শিশু সংগঠক সাইদুর রহমান ভুইয়া, সিসিকের শিক্ষা কর্মকর্তা ড. তুতিউর রহমান, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেফালি আক্তার, রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম কুমার তালুকদার, ব্র্যাকের জেলা সহকারী সমন্বয়ক মো. জসিম উদ্দিন, জেলা গ্রন্থাগার সমিতির সভাপতি মাহমুদ আলীসহ অনেকে।

‎অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তিতাস দাস। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এমসি কলেজের শিক্ষার্থী মাজহারুল ইসলাম।

‎অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, রচনা প্রতিযোগিতা ও বই পাঠ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।

এসএ/সিলেট