মাদরাসা শিক্ষার্থী ও ছিন্নমূল মানুষের মাঝে গভীর রাতে কম্বল বিতরণ

শীতের রাতে অসহায়দের মুখে হাসি ফোটাল ছাতক উপজেলা প্রেসক্লাব

post-title

সংগৃহীত

শীতের তীব্রতায় যখন জনজীবন বিপর্যস্ত, ঠিক তখনই মানবিক দায়িত্ববোধ থেকে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সুনামগঞ্জের ছাতক উপজেলা প্রেসক্লাব। প্রেসক্লাবের আহবায়ক কমিটির উদ্যোগে ছাতক পৌর শহরের বিভিন্ন এলাকায় মাদরাসা শিক্ষার্থী, এতিম ও ছিন্নমূল গরিব অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।

গত বৃহস্পতিবার ও শুক্রবার রাতে ছাতক পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডে এ মানবিক কর্মসূচি বাস্তবায়ন করা হয়। শীতের গভীর রাতে কয়েকটি মোটরসাইকেলে করে সাংবাদিকবৃন্দ পৌর শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের হাতে কম্বল তুলে দেন।

এ কর্মসূচিতে নেতৃত্ব দেন ছাতক উপজেলা প্রেসক্লাবের আহবায়ক কাজী রেজাউল করিম রেজা। তার সঙ্গে ছিলেন সদস্য সচিব মো. খালেদ মিয়া, আহবায়ক কমিটির সদস্য সাকির আমীন, দৈনিক সমকাল পত্রিকার ছাতক উপজেলা প্রতিনিধি শাহ্‌ আখতারুজ্জামান এবং দৈনিক যায়যায়দিন পত্রিকার ছাতক উপজেলা প্রতিনিধি সাজ্জাদ মাহমুদ মনির। এ সময় পৌর শহরের চারটি মাদরাসার গরিব, এতিম ও অসহায় শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এছাড়াও দক্ষিণ বাগবাড়ি এলাকার রেল কলোনি, লাফার্জ ঘাটের অটোমেটিক বস্তি, বালিকা বিদ্যালয় রোড, হাসপাতাল রোড, থানা রোড, ডাক বাংলো রোড, কোর্ট রোড, রহমতভাগ, মন্ডলীভোগ ও ছোরাবনগর এলাকার ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝেও শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপজেলা প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ সক্রিয়ভাবে কম্বল বিতরণ কার্যক্রমে অংশ নেন।

কম্বল বিতরণকালে এক আবেগঘন দৃশ্যের অবতারণা হয়। কোর্ট রোডের প্রবেশপথে ছেঁড়া কাগজে পেছানো একটি ঝুপড়ি ঘরে শীতে কাঁপতে থাকা ষাটোর্ধ এক বৃদ্ধকে দেখতে পান সাংবাদিকরা। তাৎক্ষণিকভাবে তার গায়ে একটি কম্বল পরিয়ে দেওয়া হলে বৃদ্ধের মুখে স্বস্তির ছাপ ফুটে ওঠে।

আয়োজকরা জানান, শীতের তীব্রতা বৃদ্ধির কারণে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব হিসেবেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারা আরও জানান, ভবিষ্যতেও ছাতক উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।

টিএ/ছাতক