নগরীতে এলপিজি গ্যাস সিলিন্ডার মজুত, ৫০ হাজার টাকা জরিমানা

post-title

ছবি সংগৃহীত

নগরীর একটি বসতবাড়িতে বিপুল পরিমাণ এলপিজি গ্যাস সিলিন্ডার মজুত রাখার দায়ে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার বিকেল ৩টার দিকে নগরীর শিবগঞ্জ এলাকার হক ভিলা, পুষ্পায়ন–২০ নম্বর ভবনে এ অভিযান চালানো হয়। এই সিলিন্ডারগুলোর মালিকপক্ষ নগরীর বন্দরবাজারের মাখন মিয়া চুলা ঘরকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ মিয়া জানান, বসতবাড়িটিতে এলপিজি গ্যাস সিলিন্ডার মজুতের গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি ট্রাকে ১২ কেজির ১৩০টি ভর্তি এলপিজি গ্যাস সিলিন্ডার পাওয়া যায়।

তিনি আরও বলেন, কোনো ধরনের লাইসেন্স বা অনুমোদিত গোডাউন ছাড়াই বসতবাড়িতে এভাবে গ্যাস সিলিন্ডার মজুত রাখা আইনবিরুদ্ধ এবং এতে মারাত্মক অগ্নিনিরাপত্তা ঝুঁকি তৈরি হয়। এ কারণে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, আগামী ২৪  ঘন্টার মধ্যে মাখন চুলাঘরকে মজুত করা সিলিন্ডারগুলো প্রচলিত বাজার দরে বিক্রি করে সেগুলোর বিক্রয় সংক্রান্ত যাবতীয় তথ্য দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

চলমান গ্যাস সংকটের মধ্যে এ ধরনের অবৈধ মজুত পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলেও মন্তব্য করেন কর্মকর্তারা।


এসএ/সিলেট