লাভলী রোড থেকে ৬ লক্ষাধিক টাকাসহ দুই পেশাদার চোর গ্রেফতার

post-title

ছবি সংগৃহীত

নগরীতে  ৬ লক্ষাধিক টাকা, মোটরসাইকেল ও চোরাই কাজে ব্যবহৃত সরঞ্জামাদিসহ দুইজনকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা পেশাদার চোর। নগরীর লাভলী রোড থেকে সোমবার দিবাগত রাতে  তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার মিরদারপাড়া গ্রামের মৃত আব্দুল মান্নানর ছেলে নুরুল আমিন প্রকাশ সেলিম ও তার সহযোগী দক্ষিণ সুনামগঞ্জ থানার বীরগাঁও গ্রামের সোহেল মিয়ার ছেলে মো. জাবেদ আহমদ।

জানা যায়, সেলিম কোতোয়ালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়েরকৃত একটি মামলার (নং ৩১/১৮/০৭/২৪) আসামী।

গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ৬ লাখ ১৮ হাজার নগদ টাকা, একটি স্লাই রেঞ্চ, ১টি লোহার স্ক্রু বার যন্ত্র ও  ১টি রেজিস্ট্রেশন বিহীন কালো রংয়ের SUZUKI GIXXER মোটরসাইকেল উদ্ধারের পর জব্দ করা হয়েছে। নগদ টাকাসহ মোটরসাইকেল চুরির মাধ্যমে সংগৃহীত বলে তারা প্রাথমিকভাবে স্বীকার করেছে।

উক্ত ঘটনায় সেলিম ও জাবেদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানার মামলা নং-২৩, তারিখ-১৩/০১/২০২৬ইং ধারা-৪১১ পেনাল কোড রুজু করা হয়। বিধি মোতাবেক আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে। থানার রেকর্ডপত্র পর্যালোচনা করে উক্ত আসামীদের বিরুদ্ধে চুরি/ডাকাতির প্রস্তুতিসহ একাধিক মামলা রয়েছে।

এসএ/সিলেট