জৈন্তাপুরে বাসে অভিযানে ভারতীয় মদসহ আটক ১

post-title

ছবি সংগৃহীত

সিলেটের জৈন্তাপুর হাইওয়ে থানা পুলিশের অভিযানে একটি গেইটলক বাস থেকে ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। এসময় মদ বহনের অভিযোগে এক যুবককে আটক করেছে হাইওয়ে পুলিশ।

রবিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট-তামাবিল মহাসড়কের কাটাগং হাইওয়ে থানার সামনে অভিযান পরিচালনা করে হাইওয়ে পুলিশ তাকে আটক করে। আটক অপু ব্যানার্জী সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং চা বাগানের বাসিন্দা নিপেশ ব্যানার্জীর ছেলে।

পুলিশ জানায়, সিলেটের জৈন্তাপুর হাইওয়ে থানা পুলিশের অভিযানে জাফলং থেকে ছেড়ে আসা সিলেটগামী গেইটলক বাস (ঢাকা মেট্রো-ব-১১-৯৭৯৬) চেকপোস্টে থামালে এক যাত্রী জানালা দিয়ে পালানোর চেষ্টা করে। উপস্থিত পুলিশ সদস্যরা দ্রুত তাকে আটক করেন। পরে বাসটি তল্লাশি করে একটি শপিং ব্যাগ থেকে রয়েল স্টেজ ৪ বোতল ও এসি ব্ল্যাক ২ বোতলসহ মোট ৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে আটক যুবক স্বীকার করেন, মদগুলো তিনি নিজেই বহন করছিলেন।
জৈন্তাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।


এসএ/সিলেট