কোম্পানীগঞ্জে পুকুরের মাছ ধরা নিয়ে বিরোধে যুবক নিহত, আটক ১

post-title

নিহত আফতাব উদ্দিন

সিলেটের কোম্পানীগঞ্জে পুকুরে মাছ ধরা নিয়ে বিরোধের জেরে হামলায় আফতাব উদ্দিন (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর) ভোরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই জুয়েল আহমদকে (২৮) আটক করেছে পুলিশ।

এর আগে রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার দুপরিরপাড় গ্রামে এ হামলার ঘটনা ঘটে। নিহত আফতাব ওই গ্রামের কালা মিয়ার ছেলে।  নিহত আফতাব উদ্দিন দুপরিরপাড় গ্রামের কালা মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পুকুরের মালিকানা নিয়ে আফতাবের পরিবারের সঙ্গে তাঁর চাচা আব্দুল হালিমের ছেলেদের বিরোধ চলে আসছিল। রোববার রাত সাড়ে ১২টার দিকে আফতাব ও তাঁর সহযোগী জাহাঙ্গীর আলম পুকুরে সেচ দিয়ে মাছ ধরছিলেন। এ সময় আফতাবের চাচাতো ভাইসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে।

এতে আফতাব গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় জাহাঙ্গীর আলমও আহত হয়েছেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজমান গণি বলেন, পুকুর নিয়ে আফতাবের সঙ্গে তাঁর চাচাতো ভাইদের বিরোধ ছিল। ওই পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে গত রাতে আফতাবের ওপর হামলা হয়। ভোরে তিনি মারা যান। ওসি আরও বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


এসএ/সিলেট