কানাইঘাটে হাফেজ হীরাকে সংবর্ধনা

বিশ্বজয়ী হাফেজ হীরার অর্জন নতুন প্রজন্মের অনুপ্রেরণা: এমপি আবুল হাসান

post-title

ছবি সংগৃহীত

সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি মাওলানা আবুল হাসান বলেছেন, আমাদের কোরআনের পাখি সন্তানগুলো বাংলাদেশ লাল সবুজের পতাকা যেভাবে বিশ্ব দরবারে  উড্ডীন করছে তা আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের।

তিনি বলেন, সম্প্রতি মালয়েশিয়ায় আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় কানাইঘাট রাজাগঞ্জ ফালজুর গ্রামের সন্তান ইহতেশামুল হক হীরা বিশ্বের শতাধিক দেশকে পেছনে ছেলে চূড়ান্ত ধাপে প্রথম স্থান অর্জন করার যে গৌরবোজ্জ্বল অধ্যায় সৃষ্টি করেছে তা আমাদের নতুন প্রজন্মের শিক্ষার্থীদের অনুপ্রেরণার উৎস হয়ে কাজ করবে।

তিনি শনিবার (২৪ অক্টোবর) কানাইঘাটের রাজাগঞ্জ ফালজুর গ্রামবাসীর উদ্যোগে বিশ্বজয়ী হাফেজ হীরার সম্মানার্থে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মুফতি আবুল হাসান এমপি আরও বলেন, হীরা প্রমাণ করেছে, এই কানাইঘাটের মাটি আলেম-উলামা ও হাফেজে কোরআনের উর্বর ভূমি। এখন আমাদের দায়িত্ব হচ্ছে হীরার সামনের দিনগুলো যাতে সে আরও ভাল করে এবং কোরআনের একজন স্কলার হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে।

রানাপিং উচ্চ বিদ্যালয় ও কলেজের ভাইস প্রিন্সিপাল হালিম উদ্দিনের সভাপতিত্বে ও মির্জারগড় মাদরাসাতুল মদিনার নির্বাহী মোহতামিম মাওলানা আমীমুল ইহসান শামীমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন তরুণ আলেম ও বিশিষ্ট ব্যবসায়ী হাফেজ মাওলানা খালেদ আহমদ, কালান্তর প্রকাশনীর প্রকাশক মাওলানা আবুল কালাম আজাদ, মুফতি মাওলানা শরিফুল ইসলাম, মাস্টার এনাম উদ্দিন।

সন্তানের বিশ্বজয়ে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন রাজাগঞ্জ আটলারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনওয়ারুল হক।

সংবর্ধনা অনুষ্ঠানে মনোমুগ্ধকর কোরআন তেলাওয়াত করেন বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হীরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিংগাবাড়ী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো: আব্দুছ ছালাম, শায়খুল হাদীস মাওলানা আব্দুল্লাহ আল হোসাইন, মাওলানা আলী আবদীন,মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী, মাওলানা শাহেদ আহমদ,ওমান প্রবাসী আব্দুল্লাহ আল মামুন, দুবাই প্রবাসী সুলতান আহমদ চৌধুরী, মাওলানা রায়হান উদ্দিন, হাফেজ জসীম উদ্দিন, ইউপি সদস্য আব্দুল কুদ্দুছ, আব্দুল্লাহ ও ফয়ছল আহমদ প্রমুখ।

এসএ/সিলেট