জকিগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায়

জকিগঞ্জ-শেওলা সড়কের কাজের মান নিশ্চিতে কঠোর সিদ্ধান্ত

post-title

ছবি সংগৃহীত

সিলেটের জকিগঞ্জ-শেওলা সড়কের নির্মাণকাজের গুণগত মান নিশ্চিত করতে নিয়মিত তদারকি এবং অনিয়ম রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উপজেলা আইনশৃঙ্খলা কমিটি। একই সঙ্গে চুরি-ডাকাতি প্রতিরোধে উপজেলার সব ইউনিয়নে প্রতিরোধ কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) জকিগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজিত কুমার চন্দ।

সভায় জকিগঞ্জ-শেওলা সড়কের নির্মাণকাজের মান নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কাজের গুণগত মান বজায় রাখতে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নিয়মিত তদারকি করবে। নির্মাণকাজে কোনো অনিয়ম বা অসংগতি দেখা গেলে ঠিকাদার কিংবা সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ না করে এলজিইডি অফিস অথবা ইউএনওকে অবহিত করার আহ্বান জানানো হয়।

সভায় আরও জানানো হয়, চুরি-ডাকাতি প্রতিরোধে পুলিশের তৎপরতা জোরদার করা হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে উপজেলার সব ইউনিয়নে প্রতিরোধ কমিটি গঠন করা হবে। এ ছাড়া আসন্ন দুর্গাপূজার নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি নিয়েও আলোচনা হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. আজমির শরিফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিনয় ভুষণ দাস, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রতিনিধি ডা. সজল এস. চক্রবর্তী, বিজিবি প্রতিনিধি সুবেদার মো. মাসুদ সরদার, জকিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মনোজ প্রভাকর রায়, জকিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এখলাছুর রহমান, জকিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি রহমত আলী হেলালী ও সাধারণ সম্পাদক এনামুল হক মুন্না, দৈনিক ইনকিলাবের প্রতিনিধি জোবায়ের আহমদ, বীরশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার, খলাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হক, জকিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান আহমদ, বারঠাকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু, মানিকপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস শহীদ, জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুল মুছব্বির, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ছারওয়ার হোসেন, পৌর বিএনপির সভাপতি মাসুক আহমদ, উপজেলা জমিয়তের সহসম্পাদক কে এম মামুন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুর রহমান, সার্ভিস ইনচার্জ কামাল আহমদ, শিক্ষক রুহুল আমীন, উপজেলা মহিলা অধিদপ্তরের প্রতিনিধি প্রশিক্ষক দেলওয়ার হোসেন এবং এসএফপিসির ডেপুটি রেঞ্জার মো. ইসলাম উদ্দিন।

সভায় সড়কের নির্মাণকাজে স্বচ্ছতা ও গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

এসএ/সিলেট