এসএমপি কমিশনার পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম প্রেস ব্রিফিংয়ে

নগরীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩০০, ১৩০ জনের বিরুদ্ধে ব্যবস্থা

post-title

ছবি : সংগৃহীত

নগরীতে কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ অভিযানে তিন শতাধিক কিশোরকে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

গত এক সপ্তাহ ধরে পরিচালিত এ অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে ১৭০ জনকে অভিভাবকদের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ১৩০ জনের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে এসএমপি কমিশনারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ কমিশনার জানান, অভিযানে আটক কিশোরদের মধ্যে ১৭০ জনের অভিভাবককে ডেকে আনা হয়। পরে তাঁদের কাছ থেকে মুচলেকা নিয়ে আটক কিশোরদের ছেড়ে দেওয়া হয়েছে।

এ ছাড়া অভিযানে সিলেটের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থী আটক হয়েছেন, তাঁদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি। পুলিশ কমিশনার আরও জানান, আটক বাকি ১৩০ জনের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নগরীতে কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়।


এসএ/সিলেট