আমাদের একটা সুযোগ দেন, ৫ বছরে আমরা দেশ বদলে দেব: সিলেটে জামায়াত আমির

post-title

ছবি সংগৃহীত

জামায়াতের ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত আমির ক্ষমতায় গেলে সিলেটের ন্যায্য হিস্যা অবশ্যই আদায় করা হবে। যেসব ক্ষেত্রে সিলেটবাসী বঞ্চিত; সেসব ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। সিলেটের প্রাকৃতিক সম্পদের সুষম ব্যবহার হচ্ছে না।

নদীগুলো দখল করা হয়েছে। তিনি বলেন, চাঁদাবাজির পথ যখন বন্ধ হবে তখন দেশ রুল মডেল হবে। আমাদের একটা সুযোগ দেন। ৫ বছরে আমরা দেশ বদলে দেব। সিলেট বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিকমানের বিমানবন্দরে রূপান্তরিত করা ও প্রবাসে কোনো রেমিট্যান্স যোদ্ধা মারা গেলে তার লাশ রাষ্ট্রীয় দায়িত্বে দেশে আনার প্রতিশ্রুতি দেন জামায়াত আমির। প্রবাসীদের ভোটার নিয়ে অনেকে দ্বিমত করেছিলেন। আমাদের দাবির প্রেক্ষিতে তারা ভোটার হয়েছেন বলেও দাবি করেন তিনি।

সিলেট বিভাগের কুলাউড়া ও হবিগঞ্জ শহরে বক্তব্যের পর শনিবার বিকেলে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত জামায়াতসহ ১১ দলের নির্বাচনী জনসভায় এসব কথা বলেন।

সমাবেশে তিনি প্রতিপক্ষ দলের অপপ্রচার প্রসঙ্গে বলেছেন, আধুনিক বিশ্বে মিসাইল নিক্ষেপ করলে এন্টি মিসাইল খেতে হয়। আমি আমার মা বোনদের ইজ্জতের পক্ষে দাঁড়ালাম; আর তারা সেটাকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছে।

বিকেল সাড়ে ৩টার দিকে মঞ্চে উঠে জামায়াত আমির দাঁড়িপাল্লা হাতে নিয়ে সবার সামনে তুলে ধরেন। তিনি বক্তব্যের শুরুতে সিলেটী ভাষায় বলেন, ‘আপনারা ভালা আছইন নি। অনেকদিন পর সিলটী ভাষায় মাতরাম।’ তিনি অতীতের বিভিন্ন বিষয় তুলে ধরে বলেন, আমি জামায়াতের বিজয় চাই না। আমি চাই, দেশের ১৮ কোটি মানুষের বিজয়। যারা দীর্ঘদিন জুলুম নির্যাতনের শিকার হয়েছিলেন।

ডা. শফিকুর রহমান আরও বলেন, ৫ আগস্টের পর আমরা নিরপরাধ কারো বিরুদ্ধে মামলা করিনি। আগে আমাদের বিরুদ্ধে লাখ লাখ মামলা হয়েছে। আমরা বলেছিলাম, একজন জালিমের বিরুদ্ধে আমরা কোনো প্রতিশোধ নেব না। আমাদের কর্মীরা কথা রেখেছি। জাতি যখন মুক্তি পেল; আমরা আমাদের কথা রেখেছি। যারা রাখতে পারেনি, তাদের বিষয়ে বলার কিছু নেই।

জনসভায় সিলেটের তিনটি আসনে দাঁড়িপাল্লা, তিনটি আসনে দেওয়াল ঘড়ি ও রিকশা প্রতীকের এবং সুনামগঞ্জের তিনটি আসনে দাঁড়িপাল্লার প্রার্থীদের পরিচয় করিয়ে দেন জামায়াত আমির। ওই সময় তিনি প্রার্থীদের প্রতীকের পক্ষে স্লোগান দেন। দলের প্রার্থীদের মধ্যে সুনামগঞ্জ-২ আসনের প্রার্থী শিশির মনির উপস্থিত হননি।  

মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে ও নায়বে আমির নুরুল ইসলাম বাবুল ও সাধারণ সম্পাদক মো. শাহজাহান আলীর পরিচালনায় সিলেটের সমাবেশে বক্তব্য দেন জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের, খেলাফত মজলিসের নায়বে আমির রেজাউল করিম জালালী, সিলেট-১ আসনের প্রার্থী মাওলানা হাবিবুর রহমান, সিলেট-৬ আসনের সেলিম উদ্দিন, খেলাফত মজলিশের জেলা সভাপতি এমরান আলম, দলের সিলেট অঞ্চল টিম সদস্য হাফিজ আব্দুল হাই হারুন, বাংলাদেশ খেলাফত মজলিশের জেলা সভাপতি ইকবাইল হোসাইন, ছাত্রশিবিরের সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগা প্রমুখ।


এসএ/সিলেট