নগরীর টিলাগড় এলাকায় মিললো পুলিশের গুলিসহ বিস্ফোরক দ্রব্য

post-title

ছবি সংগৃহীত

নগরীর শাহপরান (রহ.) থানার টিলাগড় এলাকায় একটি ভবনের পরিত্যক্ত কক্ষ থেকে ককটেলসদৃশ্য বস্তু, বাংলাদেশ পুলিশের নামে বরাদ্দকৃত গুলি এবং মাদক সেবনের বিভিন্ন আলামত উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে বিশেষ অভিযান চালিয়ে এসব আলামত উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন ডিবির কর্মকর্তারা।

ডিবি সূত্র জানায়, এডিসি (ডিবি-সিটি অ্যান্ড সিসি) সাহাদত হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে শাহপরান (রহ.) থানাধীন টিলাগড় কালাশীল এলাকার মৃত আব্দুল মালিকের মালিকানাধীন ‘জাহাজ বিল্ডিং’ নামের একটি ভবনের তৃতীয় তলার ৩০৪ নম্বর ইউনিটের উত্তর পাশের একটি পরিত্যক্ত কক্ষ থেকে এসব আলামত উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে—লাল ও কালো স্কচটেপে মোড়ানো ১১টি ককটেলসদৃশ্য বস্তু, বাংলাদেশ পুলিশের নামে বরাদ্দকৃত ৬টি সাদা রঙের রাবার বল এবং ১১টি সবুজ ও লাল রঙের লিড বল কার্তুজ।

এছাড়া একটি নীল রঙের ব্যাকপ্যাক, কাগজের তৈরি সাবানের প্যাকেট, ব্যবহৃত স্কচটেপের অংশ, তারযুক্ত ব্যাটারি কেস, বিভিন্ন রঙের তার সংযুক্ত এলইডি লাইট, ইলেকট্রিক রেজিস্ট্যান্ট, একটি ইলেকট্রিক সুইচ, বারুদযুক্ত সলতে, আতশবাজির বারুদসহ স্টিক, ইয়াবা সেবনে ব্যবহৃত ফয়েল পেপার, কাগজের পাইপ ও প্লাস্টিকের ছিপি উদ্ধার করা হয়েছে।

ডিবি কর্মকর্তারা জানান, উদ্ধারকৃত আলামতগুলো কীভাবে সেখানে এল এবং এর সঙ্গে কারা জড়িত—তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এসএ/সিলেট