সিলেটে আধুনিক সাংস্কৃতিক কমপ্লেক্স...
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও...
ছবি সংগৃহীত
সড়কের পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে সাঁজোয়া যান। প্রতিটি যানের সামনে অবস্থান নিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। পাশে ডগ স্কোয়াডের কুকুর নিয়ে প্রস্তুত আরও কয়েকজন সদস্য। হাতে অস্ত্রশস্ত্র নিয়ে কেউ দৌড়াচ্ছেন, কেউ আবার যানবাহন তল্লাশিতে ব্যস্ত। সাইরেন বাজিয়ে দ্রুতগতিতে চলাচল করছে বিজিবির গাড়ি।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে নগরীর টিলাগড় এলাকায় সিলেট সরকারি কলেজের সামনে গিয়ে দেখা যায় এমন দৃশ্য। হঠাৎ দেখে যে কারও আঁতকে ওঠার মতো পরিস্থিতি তৈরি হলেও আদতে এটি ছিল আসন্ন নির্বাচনকে ঘিরে বিজিবির প্রস্তুতিমূলক মহড়া।
নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় নিজেদের সক্ষমতা যাচাই করতেই এই মহড়ার আয়োজন করা হয়। বর্ডার গার্ড বাংলাদেশের সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এই মহড়ার আয়োজন করে।
মহড়া চলাকালে সিলেট সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সালাহ্উদ্দীন সাংবাদিকদের জানান, নির্বাচনকে সামনে রেখে সিলেট অঞ্চলের ৩০২ কিলোমিটার সীমান্তে নজরদারি জোরদার করা হয়েছে এবং সব ধরনের সতর্কতা গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, “বিজিবি রাজনৈতিকভাবে নিরপেক্ষ থেকে জনগণের ভোটাধিকার শান্তিপূর্ণভাবে প্রয়োগে সহায়তা করবে। সরকার ও নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে।”
কর্নেল সালাহ্উদ্দীন আরও জানান, আগামী ১ ফেব্রুয়ারি থেকে বিজিবি পূর্ণমাত্রায় মাঠে মোতায়েন থাকবে। সিলেট বিভাগে মোট ৯০টি প্লাটুনে প্রায় ২ হাজার ১০০ জন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন।
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত বিজিবি সদস্যদের রায়ট কন্ট্রোল প্রশিক্ষণ দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণে ড্রোনও ব্যবহার করা হবে।
তিনি আরও বলেন, “এখন পর্যন্ত নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের হুমকির তথ্য নেই। আমরা আশা করছি, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে নির্বাচন সম্পন্ন হবে।”
এসএ/সিলেট