সিলেট বিভাগে ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

post-title

ছবি সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা রক্ষায় সিলেট বিভাগে ৯০টি প্লাটুনে প্রায় ২ হাজার ১০০ জন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হচ্ছে। নির্বাচনকে ঘিরে সিলেট সীমান্তে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে সিলেট সেক্টর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিলেট সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সালাহউদ্দীন।

তিনি বলেন, জনগণের ভোটাধিকার সুরক্ষায় বিজিবি সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। সিলেট সেক্টরের অধীনে ২টি জেলার ১০টি সংসদীয় আসনে বিজিবি সদস্যরা অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যৌথভাবে নির্বাচনী নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।

এছাড়া সীমান্তবর্তী ৬টি উপজেলা—সুনামগঞ্জ সদর, তাহিরপুর, বিশ্বম্ভরপুর, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জকিগঞ্জে—বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্বে থাকবে। সীমান্তবর্তী আরও ৫টি উপজেলায় সেনাবাহিনী ও বিজিবি যৌথভাবে এবং অন্যান্য ১২টি উপজেলায় বিজিবি অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয়ে দায়িত্ব পালন করবে।

নির্বাচনী এলাকার ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি-৯ ইউনিটের ৪টি প্রশিক্ষিত কুকুর মোতায়েন করা হবে। দায়িত্বপ্রাপ্ত বিজিবি সদস্যরা উপজেলা ভিত্তিক বেইজ ক্যাম্পে অবস্থান করে দায়িত্ব পালন করবেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত প্রতিটি বিজিবি সদস্যকে ইতোমধ্যে রায়োট কন্ট্রোল প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় মহড়া সম্পন্ন করা হয়েছে। ফলে সদস্যরা প্রয়োজনীয় সরঞ্জামসহ পেশাগতভাবে প্রস্তুত, আত্মবিশ্বাসী ও শৃঙ্খলাবদ্ধ অবস্থায় দায়িত্ব পালনে সক্ষম।

আরও জানানো হয়, বিজিবির সদর দপ্তরের দিকনির্দেশনায় সরাইল রিজিয়ন অর্পিত দায়িত্ব পালনে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় বিজিবি একটি নিরপেক্ষ ও পেশাদার বাহিনী হিসেবে সক্রিয় ভূমিকা পালন করবে।

নির্বাচনকে কেন্দ্র করে সরাইল রিজিয়নের ১ হাজার ২০৪ কিলোমিটার সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এর মধ্যে সিলেট সেক্টরের অধীনে ৩০২ কিলোমিটার সীমান্ত এলাকায় বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে। এ সময়ে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচারসহ কোনো সীমান্ত সংশ্লিষ্ট অপরাধ যেন নির্বাচন প্রক্রিয়ায় প্রভাব ফেলতে না পারে, সে জন্য টহল, নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে।

আগামী ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে সরাইল রিজিয়ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পূর্ণমাত্রায় মোতায়েন থাকবে বলে জানানো হয়।

বর্ডার গার্ড বাংলাদেশ আশা প্রকাশ করে জানায়, সরকার, নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। সংবিধান ও আইনের আলোকে জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন অব্যাহত রাখবে বিজিবি।

এসএ/সিলেট