ইয়াবাসহ একজন আটক

সিলেট ও সুনামগঞ্জ সীমান্তজুড়ে অভিযানে ৪ কোটি টাকার চোরাচালানী জব্দ

post-title

ছবি সংগৃহিত

সিলেট ও সুনামগঞ্জ সীমান্তজুড়ে টানা দুই দিনের বিশেষ অভিযানে প্রায় ৪ কোটি ৪ লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। একই সঙ্গে ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ও রোববার সংগ্রাম, বিছনাকান্দি, কালাইরাগ, সোনালীচেলা ও বাংলাবাজার বিওপি এলাকাসহ সীমান্তবর্তী বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়। অভিযানে ভারতীয় মহিষ, গরু, পেঁয়াজ, বিড়ি, শীতের কম্বল, বিভিন্ন ধরনের বিদেশি ফল, পাথর উত্তোলনকারী নৌকা, বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ, চোরাচালানী পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাক ও মোটরসাইকেলসহ বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করা হয়।

অন্যদিকে, শ্রীপুর বিওপির একটি বিশেষ টহলদল সেনাবাহিনীর সহায়তায় জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় সানগ্লাস, কিটক্যাট চকলেট এবং পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করে।

বিজিবির ভাষ্যমতে, জব্দকৃত সব মালামালের আনুমানিক সিজার মূল্য প্রায় ৪ কোটি ৪ লাখ টাকা। সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক।

বিজিবি আরও জানায়, আটক ব্যক্তিকে ইয়াবাসহ আইনগত ব্যবস্থার জন্য কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে এবং জব্দ মালামাল বিধি মোতাবেক প্রয়োজনীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

এসএ/সিলেট