সিলেট সীমান্তে ১ কোটি ২৩ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

post-title

ছবি সংগৃহীত

সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১ কোটি ২৩ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৩১ অক্টোবর) সিলেট-৪৮ বিজিবির আওতাধীন বিভিন্ন সীমান্ত ফাঁড়ির (বিওপি) সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন।

বিজিবি জানায়, সিলেটের বাংলাবাজার, উৎমা, বিছনাকান্দি, লাফার্জ, কালাইরাগ, প্রতাপপুর, সংগ্রাম, দমদমিয়া ও তামাবিল সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানে ভারতীয় মদ, বিভিন্ন ধরনের প্রসাধনসামগ্রী, মাল্টা, কম্বল, মহিষ, চকলেট, গরু, জুস, বিস্কুট, বিড়ি, সুপারি, বাসমতি চাল, সনপাপড়ি ও জিরাসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়।

এ ছাড়া বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় শিং মাছ, রসুন ও সোয়েটার জব্দ করা হয়। অবৈধভাবে পাথর বহনের অভিযোগে একটি বাংলাদেশি ঠেলাগাড়িও আটক করা হয়েছে।

বিজিবি জানায়, জব্দ করা মালামালের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ২৩ লাখ টাকা।

সিলেট-৪৮ বিজিবির অধিনায়ক জানান, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্তে অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে।



এসএ/সিলেট