নগরীর লাক্কাতুরা চা বাগান এলাকা থেকে বিপুল পরিমাণ গুলিসহ এয়ারগান উদ্ধার

post-title

ছবি সংগৃহীত

সিলেটে একটি কবরস্থান থেকে বিপুল পরিমাণ গুলিসহ একটি বিদেশি এয়ারগান উদ্ধার করেছে র‌্যাব-৯। বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়।

র‌্যাবের গণমাধ্যম শাখা জানায়, বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে নগরীর লাক্কাতুরা চা বাগান এলাকায় গলফ ক্লাবের পাশের একটি গোরস্তানে অভিযান চালানো হয়। অভিযানের সময় পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি এয়ারগান এবং এর সঙ্গে থাকা ৯৭০টি গুলি উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, অভিযানের সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। ফলে এ ঘটনায় জড়িত কাউকে তাৎক্ষণিকভাবে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

র‌্যাব-৯-এর মিডিয়া কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত এয়ারগান ও গুলিগুলো আইনগত প্রক্রিয়ার জন্য সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

তিনি আরও জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ কী উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল এবং এর সঙ্গে কারা জড়িত—তা জানতে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

এসএ/সিলেট