সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে ১ কোটি ১৭ লাখ টাকা চোরাচালানি মালামাল জব্দ

post-title

ছবি সংগৃহীত

সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ১৭ লাখ টাকা মূল্যের চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৭ জানুয়ারি) ও বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বাধীন সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় বাংলাবাজার, দমদমিয়া, সংগ্রাম, বিছনাকান্দি, প্রতাপপুর, শ্রীপুর, কালাসাদেক ও পান্থুমাই বিওপির আওতাধীন বিভিন্ন এলাকায় চোরাচালানবিরোধী কার্যক্রম চালানো হয়।

অভিযানে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আনা সানগ্লাস, কমলা, মহিষ, শাড়ি, গরু, জিরা, চিনি, চকলেট, শীতের কম্বল, কসমেটিকস সামগ্রী, চা-পাতা ও মদ উদ্ধার করা হয়। একই সঙ্গে বাংলাদেশ থেকে পাচারের সময় লেডিস সোয়েটার, টি-শার্ট, রসুন ও শিং মাছ জব্দ করা হয়েছে।

এ ছাড়া চোরাচালানি মালামাল পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং অবৈধভাবে পাথর পরিবহনে ব্যবহৃত একটি ডিআই পিকআপ জব্দ করা হয়। বিজিবির হিসাব অনুযায়ী, আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ১৭ লাখ ৮ হাজার ৭০০ টাকা।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। তিনি আরও বলেন, উদ্ধারকৃত মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসএ/সিলেট