গণভোটের বার্তা নিয়ে পর্যটনকেন্দ্র সিলেট'র জাফলংয়ে ‘ভোটের গাড়ি’

post-title

ছবি সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব সাধারণ মানুষের কাছে তুলে ধরতে সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার অন্যতম পর্যটন কেন্দ্র জাফলংয়ে বিশেষ প্রচারণা চালিয়েছে ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’।

বুধবার (৭ জানুয়ারি) সকাল ১১টায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ‘সুপার কারাভ্যান’ বহরের এই ভ্রাম্যমাণ গাড়িটি পর্যটন কেন্দ্র জাফলংয়ের সংগ্রাম  বিজিবি ক্যাস্প এলাকায় এ চলচ্চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

‘দেশের চাবি আপনার হাতে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে জাফলংয়ে এ কার্যক্রম পরিচালিত হয়।ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’র মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান, জুলাই যোদ্ধা, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা এবং ফেলানী হত্যাকাণ্ড নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পাশাপাশি সুপার কারাভ্যানে থাকা শিল্পীরা বিভিন্ন দেশাত্মবোধক গান পরিবেশন করেন।

এছাড়া প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য, প্রবাসীদের ভোটাধিকার, গণভোটের মাধ্যমে রাষ্ট্রীয় সংস্কার বিষয়ে বার্তা এবং চট্টগ্রাম ও ঢাকার আঞ্চলিক ভাষায় নির্বাচনি সংগীত পরিবেশন করা হয়। এসব গাড়ি দেশের ৬৪টি জেলা ও ৩০০টি উপজেলায় ঘুরে বেড়াবে। তারা মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে নির্বাচন ও গণভোট সম্পর্কে তথ্য পৌঁছে দেবে, ভোটাধিকার সম্পর্কে সচেতনতা তৈরি করবে এবং গণতন্ত্রের বার্তা ছড়িয়ে দেবে। একটি অবাধ, সুষ্ঠ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা শুধু সরকারের দায়িত্ব নয় এটি রাষ্ট্রের প্রতিটি নাগরিকের দায়িত্ব। সুপার ক্যারাভান কেবল একটি গাড়ি নয়-এটি গণতন্ত্রের আনন্দবানী বহনকারী বহর।

এটি জানিয়ে দেবে, আপনার একটি ভোট কতটা গুরুত্বপূর্ণ। এটি মনে করিয়ে দেবে, নিষ্ক্রিয়তা নয়-অংশগ্রহণই গণতন্ত্রকে শক্তিশালী করে। তরুণ সমাজ, নারী ভোটার এবং প্রথমবারের ভোটারদের প্রতি-আপনারা এগিয়ে আসুন। প্রশ্ন করুন, জানুন, বুঝুন এবং ভোট দিন। আপনার সিদ্ধান্তেই গড়ে উঠবে আগামী দিনের বাংলাদেশ নতুন বাংলাদেশ।

প্রামাণ্যচিত্র ও পরিবেশনার সময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট থানার এসআই আব্দুল হান্নান, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন, জাফলং ট্যুরিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক মো. লোকমান মিয়া, জাফলং ট্যুরিস্ট গাইড ও নৌকা চালক যুব সংঘের সভাপতি বাছির মিয়াসহ দূরদূরান্ত থেকে আগত পর্যটকরাও উপস্থিত ছিলেন।



এসএ/সিলেট