সিলেট জেলা মহিলা দলের দোয়া মাহফিল

'বেগম জিয়া নারীর ক্ষমতায়নকে রাষ্ট্রীয় নীতিতে রূপ দেওয়ার পথিকৃৎ'

post-title

ছবি সংগৃহীত

সিলেট জেলা মহিলা দলের সভাপতি (ভারপ্রাপ্ত) তাহসিন শারমিন তামান্না বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে নারী নেতৃত্বের যে শক্ত ভিত আজ দৃশ্যমান, তার পেছনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকা অনস্বীকার্য ও বিরল।

তিনি শুধু প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন না—তিনি ছিলেন নারীর ক্ষমতায়নকে রাষ্ট্রীয় নীতিতে রূপ দেওয়ার পথিকৃৎ।

বেগম খালেদা জিয়া বিশ্বাস করতেন, নারীর অগ্রগতি ছাড়া একটি জাতির টেকসই উন্নয়ন সম্ভব নয়। সে বিশ্বাস থেকেই তার নেতৃত্বে নারী শিক্ষা বিস্তারে বাস্তবমুখী উদ্যোগ গ্রহণ করা হয়।

মেয়েদের শিক্ষায় উৎসাহ দিতে শিক্ষাবৃত্তি, শিক্ষা প্রতিষ্ঠানে নারী অংশগ্রহণ বৃদ্ধি এবং উচ্চশিক্ষায় নারীদের এগিয়ে নিতে নীতিগত সহায়তা ছিল তার সরকারের অন্যতম অগ্রাধিকার।

বৃহষ্পতিবার বেলা ৩টায় স্বাধীন বাংলাদেশের প্রথম ও সফল নারী প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে বিচএনপি ঘোষিত ৭ দিনের শোক কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা মহিলা দল আয়োজিত দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, নারীর কর্মসংস্থান ও চাকরির ক্ষেত্রেও বেগম জিয়ার অবদান স্মরণযোগ্য। সরকারি ও বেসরকারি খাতে নারীদের অংশগ্রহণ বাড়াতে তিনি ইতিবাচক নীতি গ্রহণ করেন, যা নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে সহায়ক হয়। প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য, ব্যাংকিংসহ বিভিন্ন পেশায় নারীদের অগ্রযাত্রার পেছনে তার নীতিগত দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—বেগম খালেদা জিয়া নারীদের নেতৃত্বে বিশ্বাস করতেন। রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সামাজিক পরিসরে নারীদের নেতৃত্বে এগিয়ে আসার যে পরিবেশ তৈরি হয়েছে, তার সূচনালগ্নে ছিল তার সাহসী অবস্থান।

তিনি প্রমাণ করেছেন, নারী শুধু উন্নয়নের অংশীদার নয়—নারী উন্নয়নের নেতৃত্ব দিতেও সক্ষম। আজকের নারী সমাজ যখন শিক্ষা, চাকরি ও নেতৃত্বে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাচ্ছে, তখন তা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি বেগম খালেদা জিয়ার দূরদর্শী চিন্তা ও সংগ্রামের ফল। নারীর ক্ষমতায়নে তার এই ভূমিকা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। আল্লাহ তায়ালা আমাদের প্রিয় নেত্রীকে জান্নাতের বাসিন্দা হিসেবে কবুল করুন।

দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সিলেট জেলা মহিলা দলের সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর সালেহা কবির শেপী,জেলা মহিলা দলের সহ সভাপতি ফেরদৌসী ইকবাল, আম্বিয়া বেগম, সিলেট জেলা বিএনপির সহ মহিলা বিষয়ক সম্পাদক সুলতানা রহমান দিনা, জেলা মহিলা দলের সহ সাধারণ সম্পাদক মিলি বেগম, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মুসলিমা আক্তার চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক সালমা আক্তার, শিক্ষা বিষয়ক সম্পাদক নুরুন নাহার ইয়াসমিন , প্রচার সম্পাদক লিটা বেগম, ৩৮ নং ওয়ার্ড মহিলা দলের আহবায়ক জলি পুরকায়স্থ, জেলা মহিলা দল নেত্রী বিলকিস আক্তার, জুবেদা বেগম, রুমানা বেগম, শরিফা বেগম, সাকিবা ইসলাম, আফিয়া বেগম, লাকি বেগম, বিলকিস আক্তার প্রমুখ।


এসএ/সিলেট