সিলেট প্রেসক্লাবের শোক

বেগম খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়

post-title

ছবি সংগৃহীত

গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট প্রেসক্লাব নেতৃবৃন্দ। তারা বলেছেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়। তাঁর মৃত্যু দেশের গণতন্ত্রের জন্য অপূরণীয় ক্ষতি।

প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতিতে এক পরম মহিমান্বিত ব্যক্তিত্ব। গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর ভূমিকা ইতিহাসে অম্লান হয়ে থাকবে। স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে তাঁর আপসহীন নেতৃত্ব গণতন্ত্রহীন পরিস্থিতি থেকে উত্তরণের পথ দেখিয়েছে এবং মুক্তির প্রেরণা জুগিয়েছে।

তারা আরও বলেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শুধুমাত্র একটি রাজনৈতিক দলের নেত্রীই ছিলেন না; তিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। মতপার্থক্য সত্তে¡ও জাতির কল্যাণে তাঁর দীর্ঘ রাজনৈতিক যাত্রা, গণমুখী নেতৃত্ব এবং দৃঢ় মনোবল সব সময় পথ দেখিয়েছে। তাঁর মৃত্যুতে দেশ একজন কিংবদন্তী ও আপসহীন রাজনীতিককে হারাল।

প্রেসক্লাব নেতারা বলেন, শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনামলে বেগম খালেদা জিয়া ছিলেন সংগ্রাম ও প্রতিরোধের এক অনন্য প্রতীক। চরম রাজনৈতিক প্রতিহিংসার শিকার হওয়া সত্ত্বেও তাঁর আপোষহীন ভূমিকা দীর্ঘ লড়াই-সংগ্রামে জাতিকে দারুণভাবে অনুপ্রাণিত করেছে।

এই গভীর শোকের মুহূর্তে খালেদা জিয়ার শোকাহত পরিবারের সদস্য, রাজনৈতিক সহকর্মী এবং কর্মী-সমর্থকদের প্রতি প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর সমবেদনা জানান তারা।

এদিকে, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে সিলেট প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির জরুরি সভা শেষে বাদ মাগরিব  বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।



এসএ/সিলেট