নগরীতে ছিনতাইয়ের শিকার ডাক্তার দম্পতি : অটোরিকশা চালক আটক

post-title

ছবি সংগৃহীত

নগরীতে ছিনতাইয়ের শিকার ডাক্তার দম্পতি।  রবিবার সকালে নগরীর যতরপুর পুকুরপাড় এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শাহজালাল উপশহরস্থ সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজ ও জেনারেল হাসপাতালে কর্মরত দম্পতি ডা. মো. মুক্তাদির হোসেন এবং ডা. সারা রহমান নগরীর সোবহানীঘাটস্থ হোটেল ভ্যালী গার্ডেন এর সামনে হতে রবিবার সকাল পৌনে ৮টায় ব্যাটারিচালিত অটোরিকশায় চড়েন।

কিছুক্ষনের মধ্যেই তারা বুঝতে পারেন রিকশাচালক প্রধান রাস্তা দিয়ে না গিয়ে ভিন্নপথে যাচ্ছেন। তবে তার দ্বিধাদ্বন্দ্বে ভুগছিলেন। একসময় তারা যতরপুর পুকুরপাড়ে পৌঁছান এবং রিকশাটির চালক তাদেরকে তার সহযোগী ছিনতাইকারী কাছে রিকশাটি থামায়।

এসময় ২ অজ্ঞাতনামা ছিনতাইকারী ধারালো চাকু দিয়ে ভীতি প্রদর্শন করেন এবং নগদ ১০ হাজার টাকা, ২টি মোবাইল ফোন, ৩টি ডেবিট কার্ড ও প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্র ছিনতাই করে একটি মোটরসাইকেলে করে পালিয়ে যায়। ডাক্তার দম্পতি মহানগর পুলিশের কোতোয়ালী থানায় অভিযোগ দায়ের করেন।

পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে ছিনতাইয়ের সঙ্গে সম্পৃক্ত অটোরিকশাসহ চালক মো. ইলিয়াসকে আটক করতে সক্ষম হয়। আটক ইলিয়াস হবিগঞ্জের বাহুবল থানার ওলুয়া গ্রামের মৃত মো. গুনু মিয়া ও মোছা. ছালেকা বেগমের ছেলে। বর্তমানে তিনি শাহপরান থানার সুরমাগেইট এলাকার কবির মিয়ার বাসার ভাড়াটিয়া হিসাবে বসবাস করছেন।

তিনি জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি স্বীকার করে জানিয়েছেন যে, তিনি ওই দুই  ছিনতাইকারীর সহযোগী এবং তারা পূর্বপরিকল্পিতভাবে এই ছিনতাই কাজ করেছেন।

অপর দুই ছিনতাইকারীকে গ্রেপ্তারে অভিযান চলছে। এ ব্যাপারে কোতোয়ালী মডেল থানায় মামলা (নং-৪৮/২৮/১২/২০২৫) দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত রিকশাচালক ইলিয়াসকে আদালতে সোপর্দের বিষয়টি প্রক্রিয়াধীন।

এসএ/সিলেট