সিলেট বিভাগে ১৫টি আসনে প্রার্থী দিল জাতীয় পার্টি

post-title

ছবি সংগৃহীত

গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জাপা) ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৪৩টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। এরমধ্যে সিলেট বিভাগের ১৯টি সংসদীয় আসনের মধ্যে ১৫টির প্রার্থীর নাম রয়েছে।

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিষ্ঠিত জাতীয় পার্টির একাধিক অংশ রয়েছে, তন্মধ্যে জিএম কাদেরের নেতৃত্বাধীন অংশটি ‘লাঙ্গল’ প্রতীকে নির্বাচন করে আসছে। জাপার এই অংশ সাবেক আওয়ামী লীগের মহাজোট এবং সরকারের অংশ ছিল। আওয়ামী লীগ সরকারের পতনের পর তারা রাজনৈতিক অঙ্গনে সরকারের তরফ থেকে নানা বিপত্তির মধ্যে রয়েছে।

সরকার যেকোনো আলোচনায় তাদেরকে ডাকে না, এবং তাদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নিয়েও রয়েছে অনিশ্চয়তা।

তবে পার্টি নেতারা আশা করছেন, নির্বাচন কমিশন (ইসি) তাদেরকে নির্বাচনে সুযোগ করে দেবে। আবার সংবাদ সম্মেলনে জাতীয় পার্টি বলছে, ভোটের মাঠে সব দলের ‘সমান সুযোগ নিশ্চিত না হলে’ নির্বাচন থেকে সরে আসতে পারে দলটি।

শুক্রবার (২৬ ডিসেম্বর) গুলশানের লেকশোর হোটেলে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেন দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী।

শামীম হায়দার পাটোয়ারী বলেন, জাতীয় পার্টি সব সময়ই এদেশের জনগণের রায়ের উপর শ্রদ্ধাশীল। জনগণের যে কোনো রায় আমরা অতীতেও মেনে নিয়েছি। জাতীয় পার্টি সব সময় নির্বাচনমুখী দল। জাতীয় নির্বাচন অনুষ্ঠান সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক করার পূর্বশর্ত হল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রেখে সকল দলের সমান সুযোগ নিশ্চিত করা। এটা করার দায়িত্ব অন্তর্বর্তী সরকারের। কিন্তু আমরা আশঙ্কাজনকভাবে দেখতে পাচ্ছি যে সরকার যথাযথভাবে এই কাজ করতে ব্যর্থ হচ্ছে।

তিনি আরও বলেন, সারা দেশে আমাদের নেতাকর্মীরা সকলের অংশগ্রহণে একটি উৎসবমুখর নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে। অনেক আসনেই একাধিক প্রার্থী থাকার কারণে আমরা প্রার্থী মনোনয়নে হিমশিম খাচ্ছিলাম। যাচাই-বাছাই শেষে আজ আমরা আমাদের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করছি। আমরা এখনো আশা করি যে, অন্তর্বর্তী সরকার জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণে সমান সুযোগ দিবেন।

জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের নির্বাচন করবেন রংপুর-৩ আসনে, এবং মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী লড়বেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসন ও গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদ, এস এম আব্দুল মান্নান, মিজানুর রহমান, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুইয়া, এমরান হোসেন মিয়া, মোহাম্মদ আতিকুর রহমান আতিক, ইকবাল হোসেন তাপস, শেরীফা কাদের, মোস্তাফিজুর রহমান মোস্তাক, আলমগীর সিকদার লোটন, মইনুর রাব্বি চৌধুরী, নুরুন নাহার বেগম, শরিফুল ইসলাম জিন্নাহ, মো. আবু তাহের, ফকরুল ইমাম সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

সিলেট বিভাগে কে কোথায় লাঙ্গল প্রতীকের প্রার্থী
সুনামগঞ্জ-১, , সুনামগঞ্জ-২, সুনামগঞ্জ-৩ ও হবিগঞ্জ-১ আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।

সুনামগঞ্জ-৪ আসনে অ্যাডভোকেট মো. নাজমুল হুদা হিমেল; সুনামগঞ্জ-৫ আসনে মো. জাহাঙ্গীর আলম; সিলেট-১ আসনে মকসুদ ইবনে আজিজ লামা; সিলেট-২ আসনে মো. জয়নুল আবেদিন জয়নাল; সিলেট-৩ আসনে আলহাজ মোহাম্মদ আতিকুর রহমান আতিক; সিলেট-৪ আসনে মোহাম্মদ মুজিবুর রহমান ডালিম; সিলেট-৫ আসনে মোহাম্মদ সাইফুদ্দিন খালেদ; সিলেট-৬ আসনে মো. আব্দুন নূর।

মৌলভীবাজার-১ আসনে আহমেদ রিয়াজ উদ্দিন; মৌলভীবাজার-২ আসনে মো. আব্দুল মালিক; মৌলভীবাজার-৩ আসনে সৈয়দ নুরুল হক; মৌলভীবাজার-৪ আসনে মো. জরিফ হোসেন; হবিগঞ্জ-২ আসনে আব্দুল মুক্তাদির চৌধুরী; হবিগঞ্জ-৩ আব্দুল মুনিম চৌধুরী বুলবুল এবং হবিগঞ্জ-৪ আসনে আহাদ ইউ চৌধুরী শাহীন।

এসএ/সিলেট