কানাইঘাটে পুলিশের অভিযানে ভারতীয় জিরা-চাপাতাসহ গ্রেফতার ২

post-title

ছবি সংগৃহীত

সিলেটের কানাইঘাট থানা পুলিশের চোরাচালান বিরোধী অভিযান জোরদার করা হয়েছে। থানার নবাগত অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম যোগদান করার পর থেকে ওয়ারেন্টভুক্ত আসামীদের গ্রেফতার এবং অপরাধমূলক কর্মকান্ড বন্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সীমান্ত এলাকা দিয়ে অবৈধ ভাবে আসা ভারতীয় গণ্য সমাগ্রী অভিযানও জোরদার করা হয়েছে।

গত কয়েকদিনে পুলিশ টানা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নাসির বিড়ি, জিরা, চা-পাতা, কমলা ও পিয়াজ আটক এবং পরিবহণের গাড়ি আটক সহ জড়িতদের গ্রেফতার করেছে।

এরই ধারাবাহিকতায় থানা পুলিশ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে থানা মোড় নামক স্থানে অভিযান চালিয়ে ২টি অটোরিক্সা সিএনজি গাড়িতে তল্লাশী চালিয়ে ২৪০ কেজি ভারতীয় জিরা ও ৩২০ কেজি ভারতীয় চা পাতা সহ ফাহাদ হোসেন পাভেল ও মামুন আহমদ নামের দুই জনকে গ্রেফতার করেন। এ ঘটনায় থানা পুলিশ বাদী হয়ে ৩জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ১জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশের প্রেসনোটে জানানো হয়।

অপরদিকে, ২৪ ডিসেম্বর সকালে ঝিঙ্গাবাড়ি ইউনিয়নের খাসরমাটি এলাকায় টহল পুলিশ একটি পিকআপ গাড়ি সহ ভারতীয় ৯০ ক্যারেট কমলা সহ চোরাকারবারী মুহিন আহমদ ও জামাল উদ্দিনকে গ্রেফতার করা হয়। তবে অভিযানকালে তাদের সহযোগী সুহেল আহমদ ও সয়ফুল ইসলাম পালিয়ে গেলেও এ ৪ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে পুলিশ।

জানা গেছে কানাইঘাট ও জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধ ভাবে এসব ভারতীয় পণ্য সামগ্রী নিয়ে আসে চোরাকারবারীরা। সম্প্রতি সময়ে প্রচুর পরিমাণ ভারতীয় জিরা, চা-পাতা, কমলা, মাল্টা, আপেল পিয়াজ সহ অন্যান্য পণ্য সামগ্রী চোরাই পথে আসছে বলে জানা গেছে। থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান চোরাচালনা বিরোধী অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। এ ক্ষেত্রে কাউকে ছাড় দেয়া হবে না। এদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এসএ/সিলেট