জালালাবাদ রোটারি ক্লাবের সংবাদ সম্মেলন

সিলেটে ঠোঁটকাটা, তালুকাটা ও আগুনে পোড়া রোগীদের বিনামূল্যে প্লাষ্টিক সার্জারির সুযোগ

post-title

ছবি সংগৃহীত

‎বৃহত্তর সিলেট অঞ্চলের ঠোঁটকাটা, তালুকাটা এবং আগুনে পোড়া রোগীদের প্লাষ্টিক সার্জারির সুযোগ নিয়ে এসেছে জলালাবাদ রোটারি ক্লাব। সম্পূর্ণ বিনামূল্যে আগামী ১২ থেকে ২৩ জানুয়ারি সিলেটের উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে রোটাপ্লাষ্ট মিশনের নবম কার্যক্রম পরিচালিত হবে। বুধবার সিলেট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন জালালাবাদ রোটারি ক্লাবের রোটাপ্লাষ্ট মিশন সিলেট ২০২৬ এর চেয়ারম্যান রোটারিয়ান ইঞ্জিনিয়ার শোয়েব আহমেদ মতিন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, রোটারী ক্লাব অব জালালাবাদের সামগ্রিক ব্যবস্থাপনায় এবং মার্কিন যুক্তরাষ্ট্রের রোটাপ্লাষ্ট ইন্টারন্যাশনাল নামক সেবামূলক প্রতিষ্ঠানের মাধ্যমে সিলেট অঞ্চলের ঠোঁটকাটা, তালুকাটা এবং আগুনে পোড়া রোগীদের আধুনিক প্লাষ্টিক সার্জারী চিকিৎসা সেবা সম্পূর্ণ বিনা মূল্যে প্রদান করে আসছে। এই উদ্যোগের আওতায় ইতোমধ্যে আটটি অপারেশন কার্যক্রম সিলেটে সম্পন্ন হয়েছে। এতে ৬৮৭ জনের অধিক রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে অপারেশন ও চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। গত বছরের ন্যায় এই বছরও শেভরন বাংলাদেশের অর্থায়নে মেডিকেল মিশনটি পরিচালিত হবে।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, এবছরও আমেরিকা, নেদারল্যান্ড ও মিশর থেকে আগত বিশ্বখ্যাত বিশেষজ্ঞ ডাক্তারদের দ্বারা ঠোঁটকাটা, তালুকাটা ও আগুনে পোড়া রোগীদের সম্পূর্ণ বিনা মূল্যে প্লাষ্টিক সার্জারি চিকিৎসা সেবা প্রদান করা হবে। রোটারি ক্লাব অব জালালাবাদ বিগত সময়ের ন্যায় যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে সর্বমোট ৮টি চিকিৎসা সেবা প্রদান করেছে। এবার নবমটি পরিচালনা করার বিষয়ে প্রস্তুতি নেয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে জালালাবাদ রোটারি ক্লাব নেতৃবৃন্দ বলেন, আমরা চাই প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত ভুক্তভোগী রোগীরা এই সেবাটির গ্রহন করুক।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব জালালাবাদ এর প্রেসিডেন্ট সুব্রত চক্রবর্তী জুয়েল, সচিব পিপি হানিফ মোহাম্মদ, পিডিজি শহিদ আহমদ চৌধুরী, পিডিজি প্রিন্সিপাল এম আতাউর রহমান পীর, পিপি প্রফেসর ডা. আব্দুস সালাম, পিপি নীরেশ চন্দ দাস, পিপি মন্জুর আল বাছেত, ক্লাব সেক্রেটারি মিজানুর রহমান, রোটারিয়ান রিনা কর্মকার, রোটারিয়ান রুনা খান প্রমুখ।
 


এসএ/সিলেট