হবিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ১ : আহত অর্ধশতাধিক

post-title

ছবি সংগৃহীত

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় পূর্ববিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রাসেল মিয়া (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে নারী-পুরুষসহ উভয় পক্ষের অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত উপজেলার কাকাইলছেও ইউনিয়নের কুমেদপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আহত ব্যক্তিরা আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এর ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয় পক্ষ ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে গুরুতর আহত রাসেল মিয়াকে স্বজনেরা উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত রাসেল মিয়া কাকাইলছেও ইউনিয়নের কুমেদপুর এলাকার ছুরত মিয়ার ছেলে।

আহতরা হলেন- রাব্বি মিয়া, ছাব্বির, ইন্তাজ আলী, সেলিম,  বাবলু, জিয়াউর, তকদির, আলতু মিয়া, রায়হান, আশরাফ উদ্দিন, মাসুম, জীবন, আমেনা খাতুন।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, বিগত বেশ কিছুদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন বিষয় নিয়ে কাকাইলছেও এর  কুমেদপুরের হান্নান মিয়ার লোকজন ও সরকার হাটীর আল কোরান সওদাগরের লোকজনের মধ্যে বিরোধ চলে আসছিলো।

এরই জেরে সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় আল কোরান সওদাগরের লোকজন ও হান্নান মিয়ার লোকজনের মধ্যে কাকাইলছেও বাজারে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয় এবং বেশ কয়েকটি দোকান ভাঙ্গচুর ও লুটপাট করা হয়।

এরই জেরে উভয় পক্ষের লোকজন মঙ্গলবার সকাল আনুমানিক আটটায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে রাসেল মিয়া গুরুতর আহত হলে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাসেল মিয়াকে মৃত ঘোষণা করেন।

আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক অভিজিৎ পাল জানান, রাসেল মিয়কে হাসপাতালে নিয়ে আসার পর আমরা পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত অবস্থায় পাই। লাশের ময়নাতদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকবর হোসেন বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যেকোন ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এসএ/সিলেট