সিলেট-তামাবিল মহাসড়কে ভারতীয় চোরাই পণ্যসহ আটক ১

post-title

ছবি সংগৃহিত

সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে ভারতীয় চোরাই পণ্যসহ এক যুবককে আটক করা হয়েছে। আটককৃত যুবকের নাম সাব্বির আহমেদ। তিনি সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ছালাভরা কুনকুনি গ্রামের বাসিন্দা আজাদ মিয়ার ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার (২১ নভেম্বর) রাতে গোপন তথ্যের ভিত্তিতে সিলেট-তামাবিল মহাসড়কের লামাপাড়া জামে মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। রাত ১০টার দিকে উপ-পরিদর্শক মোহাম্মদ লুৎফর রহমানের নেতৃত্বে পুলিশ জাফলং থেকে ঢাকাগামী সেলফি পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো-ব-১৫-৮১৯৯) তল্লাশি চালায়।

তল্লাশির সময় বাস থেকে ৩৫ পিস ভারতীয় কম্বল, ২০ প্যাকেট জিরা এবং ২০ প্যাকেট ভারতীয় বাবা জর্দা জব্দ করা হয়। এসময় এসব পণ্যের মালিকানা দাবি করা সাব্বির আহমেদকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, জাফলং বেড়াতে এসে ভারত থেকে অবৈধভাবে আসা এসব পণ্য কম দামে কিনে ঢাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

পুলিশ সূত্র জানায়, জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য ১ লাখ ১১ হাজার ৫০০ টাকা।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, ঘটনাটির প্রেক্ষিতে পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে। আটক সাব্বিরকে শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

এসএ/সিলেট