রাজনগর আঞ্চলিক মহাসড়কে গাছ ফেলে অবরোধ

post-title

ছবি সংগৃহীত

মৌলভীবাজারের রাজনগরে রাজনগর-ফেঞ্চুগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে ভোর রাতে গাছ ফেলে সড়ক অবরোধ সৃষ্টি করেছে দুর্বৃত্তরা। শনিবার ভোররাত চারটার দিকে থানা থেকে প্রায় দুই কিলোমিটার উত্তরে নন্দীউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দুটি বড় গাছ কেটে মহাসড়কে ফেলে দেওয়া হয়।

ফলে দূরপাল্লার কয়েকটি গাড়ি আটকা পড়ে। খবর পেয়ে রাজনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসকে অবহিত করে। পরে সকাল সাড়ে ৭টার দিকে ফায়ার সার্ভিস, সওজ এবং স্থানীয়দের সহায়তায় গাছ অপসারণ করা হলে যান চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, ভোর রাতে জোরে কোনো কিছুর পড়ার শব্দ শুনতে পেলেও গাছ ফেলে সড়ক অবরোধ করা হয়েছে—এটি বুঝতে পারেননি।

পুলিশ বলছে, দক্ষ লোক ছাড়া এত বড় গাছ দ্রুত সময়ে কাটা সম্ভব নয়। তবে এটি ডাকাতির উদ্দেশ্যে করা হয়েছে—এমন কোনো লক্ষণ তারা পাননি। কোনো গাড়ি আটকে ডাকাতির খবরও মেলেনি।

রাজনগর ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. আলী হোসেন জানান, ভোর ৪টা ৫০ মিনিটে ওসি ফোন করে ঘটনাটি জানান। পরে দ্রুত গিয়ে সড়ক পরিষ্কার করা হয়।

রাজনগর থানার ওসি মোবারক হোসেন খান জানান, সড়কে গাছ ফেলা ডাকাতির চেষ্টা নাকি অবরোধ—তা এখনো পরিষ্কার নয়। বিষয়টি তদন্ত চলছে। এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।

এসএ/সিলেট