জৈন্তাপুরে ফুটবল খেলার সময় মাথায় আঘাত পেয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

post-title

ছবি সংগৃহীত

সিলেটের জৈন্তাপুর উপজেলায় নাইট মিনিবার ফুটবল খেলার সময় অসাবধানতাবশত গাছের সাথে মুখমণ্ডলে আঘাত পেয়ে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। নিহ্ত ইমন আহমেদ (১৬) উপজেলার দরবস্ত ইউনিয়নের ওয়ার্ডের লক্ষিপ্রসাদ (কান্দিগ্রাম) এলাকার আনছারুল হকের ছেলে এবং আমিনা হেলালী টেকনিক্যাল ইনস্টিটিউটের নবম শ্রেণির পরীক্ষার্থী ছিল।

আমিনা হেলালী টেকনিক্যাল ইনস্টিটিউটের সুপারিন্টেন্ডেন্ট হেলাল আহমেদ জানান, বৃহস্পতিবার রাত প্রায় ১০টার দিকে স্থানীয় মহাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টে ইমন খেলায় অংশ নেন। খেলাকালীন সময়ে অসাবধানতাবশত মাঠের নিকটে থাকা একটি গাছের কাটা অংশের সাথে তার মুখমণ্ডল ও মাথার স্পর্শকাতর অংশে আঘাত লাগে।

প্রাথমিকভাবে ইমন স্বাভাবিক অবস্থায় ছিলেন। খেলার বিরতির সময় হঠাৎ তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং কান থেকে রক্ত বের হতে থাকে।

স্থানীয়রা তাকে চতুল বাজারের একটি ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা দিয়ে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর ৪টায় ইমন মৃত্যুবরণ করেন। ইমনের অকাল মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে পুরো উপজেলায় নেমে আসে শোকের ছায়া। সহপাঠী, ক্রীড়ামোদী ও স্থানীয় জনগণ সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকবার্তা জানান।

এদিকে, শোকাহত পরিবারের সাথে দেখা করতে শুক্রবারর (১৪ নভেম্বর) বিকেলে উপস্থিত হন সিলেট সিটির সাবেক মেয়র ও সিলেট-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আলহাজ্ব জয়নাল আবেদীন, ৪ নং দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার সহ অন্যান্য স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা। নিহত ইমনের পারিবারিক সূত্র জানায়, শুক্রবার বাদ আসর স্থানীয় মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়।

এসএ/সিলেট